শিল্প-সংস্কৃতি

ছায়ানটের সভাপতি হলেন ডা. সারওয়ার আলী, কার্যনির্বাহী কমিটিতে নতুন মুখ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১০:০৩ এএম

ছায়ানটের সভাপতি হলেন ডা. সারওয়ার আলী, কার্যনির্বাহী কমিটিতে নতুন মুখ
ডা. সারওয়ার আলী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠন ছায়ানট-এর নেতৃত্বে এসেছে নতুন পরিবর্তন। সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযুদ্ধের সংগঠক ডা. সারওয়ার আলী।

শনিবার (২৮ জুন) ছায়ানটের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন এই কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন খায়রুল আনম শাকিল ও পার্থ তানভীর নভেদ। সাধারণ সম্পাদক হিসেবে আছেন লাইসা আহমদ লিসা, আর যুগ্ম-সম্পাদক পদে আছেন জয়ন্ত রায় ও তানিয়া মান্নান। কোষাধ্যক্ষ হয়েছেন নাসেহুন আমীন।

প্রয়াত সভাপতি সন্‌জীদা খাতুন ও নুরুন্নাহার আবেদীন–এর শূন্যস্থান পূরণে ছায়ানট ট্রাস্টি বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে সাঈদা কামাল ও রুচিরা তাবাসসুম নভেদকে। সংগঠনের গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাঠামোতে এই পরিবর্তনকে ছায়ানটের ভবিষ্যৎ কর্মধারার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গতকাল শুক্রবারের সভায় সংগঠনের পক্ষ থেকে সহিষ্ণু ও সম্প্রীতিময় সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বাংলা গানের মানোন্নয়ন, শিক্ষা ও বিস্তারে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি জানানো হয়। একইসঙ্গে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও ইরান-ইসরায়েল উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

পূর্ণাঙ্গ কার্যনির্বাহী সংসদ-

সভাপতি: ডা. সারওয়ার আলী

সহ-সভাপতি: খায়রুল আনম শাকিল, পার্থ তানভীর নভেদ

সাধারণ সম্পাদক: লাইসা আহমদ লিসা

যুগ্ম সম্পাদক: জয়ন্ত রায়, তানিয়া মান্নান

কোষাধ্যক্ষ: নাসেহুন আমীন

সদস্য: মফিদুল হক, শ্যামলী নাসরিন চৌধুরী, নাহাস খলিল, আমিনুল ইসলাম দীপু, সাহানা আক্তার রহমান পাপড়ি, মাসুদা নার্গিস আনাম কল্পনা, জুবায়ের ইউসুফ, গৌতম সরকার, জেসমিন বুলি, সেমন্তী মঞ্জরী।