ক্যাম্পাস
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, থানায় জিডি
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নামে একটি ভুয়া ওয়েবসাইট পরিচালনার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নওগাঁ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ আলাউদ্দিন নিজে থানায় হাজির হয়ে এ বিষয়ে অভিযোগ দায়ের করেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, www.ngu.ac নামে একটি ভুয়া ওয়েবসাইটে “Naogaon University” নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হচ্ছে। জানা গেছে, উক্ত ডোমেইনটি ২০১৫ সালের ২৯ জানুয়ারি রেজিস্ট্রেশন করা হয়। ভুয়া ওয়েবসাইটটিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহৃত হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রতিষ্ঠানের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
এর আগেও ২০২৫ সালের ৯ মার্চ একই অভিযোগে একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। তবে এবার আবারো বিষয়টি পুনরায় সামনে আসায় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় যান।
ভুয়া ওয়েবসাইটে +৮৮০১৩৩০-৩১৯৩০৪ এবং ০৯৬৩৮-৮৭২৩৯৮ নাম্বার দেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নম্বর নয়। একইসঙ্গে info@nau.ac নামে একটি ভুয়া ই-মেইল আইডি ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগে জানানো হয়।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাছানাত আলী বলেন, “একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি ও ওয়েবসাইট তৈরি করে অসৎ কর্মকাণ্ডে লিপ্ত। তারা উপাচার্যসহ বিভিন্ন কর্মকর্তার ছবি ও নাম ব্যবহার করে জনসাধারণকে বিভ্রান্ত করছে। আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবারো থানায় সাধারণ ডায়েরি করেছি। আশা করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে।”
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরে আলম সিদ্দিকী বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”
উল্লেখ্য, নওগাঁ বিশ্ববিদ্যালয় ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে বালুডাঙ্গা (নওগাঁ মডেল টাউন) এলাকায় অবস্থিত অস্থায়ী কার্যালয় থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছে।