ক্যাম্পাস
ডাকসু নির্বাচনে মোবাইল-ব্যাগসহ নিষিদ্ধ একাধিক সামগ্রী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ বিরতির পর আয়োজিত এই নির্বাচনে ভোটগ্রহণ চলবে ক্যাম্পাসের নির্ধারিত আটটি কেন্দ্রে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
ডাকসু নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভোটারদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়। রবিবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটকেন্দ্রে প্রবেশের সময় ভোটারদের সঙ্গে কোনো ধরনের ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল কিংবা তরল জাতীয় পদার্থ বহন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এসব সামগ্রী সঙ্গে থাকলে ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
এছাড়া চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানানো হয়, এবারের নির্বাচনে মোট আটটি কেন্দ্রে বুথের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৮১০টি। হিসাব অনুযায়ী, প্রতিটি বুথে যদি সব ভোটার উপস্থিত হন এবং একজন ভোটার গড়ে ১০ মিনিট সময় নেন, তবুও নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করা সম্ভব হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাস ও ভোটকেন্দ্রে অতিরিক্ত পুলিশ, আনসার এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবে। ফলে শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মনে করছেন, এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও নির্দেশনা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচনের পরিবেশ বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।