ক্যাম্পাস

ছাত্রদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে ঢাবি রসায়ন বিভাগের অধ্যাপক আটক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১২:৩২ পিএম

ছাত্রদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে ঢাবি রসায়ন বিভাগের অধ্যাপক আটক
অভিযুক্ত শিক্ষক ড. এরশাদ হালিম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে দীর্ঘদিন ধরে পুরুষ শিক্ষার্থীদের ওপর যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করেছে। 

পুলিশ জানিয়েছে, তিনি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওরাপাড়ায় নিজ বাসা থেকে মিরপুর মডেল থানা কর্তৃক আটক হন এবং বর্তমানে থানায় জিজ্ঞাসাবাদ চলছে।

ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, যেহেতু অধ্যাপক ক্যাম্পাসে উপস্থিত নন, তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতির প্রয়োজন হয়নি। তবে প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত আছেন।

এর আগে রসায়ন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলন করে ড. এরশাদ হালিমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। এছাড়া, রসায়ন বিভাগের শিক্ষার্থী এ কে এম সুমন ফেসবুকে একটি পোস্টে গোপন পরিচয় ব্যবহার করে দুইজন অভিযুক্তের বক্তব্য প্রকাশ করেন।

অভিযোগে বলা হয়েছে, ড. এরশাদ হালিম রুমের আলো নিভিয়ে দরজা-জানালা বন্ধ করে শিক্ষার্থীদের কাছে শারীরিক স্পর্শ দাবি করতেন, জোরপূর্বক শারীরিক স্পর্শকাতর স্থানে হাত দিতেন এবং অনাকাঙ্ক্ষিত আচরণ করতেন। 

একজন শিক্ষার্থী জানান, পরীক্ষার সহায়তার আশ্বাস দিয়ে তাকে বাসায় ডেকে শারীরিকভাবে আক্রমণাত্মক আচরণ করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বাধ্য করা হয়। এতে তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন।

অন্য একজন শিক্ষার্থী জানান, পরীক্ষাসংক্রান্ত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে অধ্যাপক তাকে একাধিকবার বাসায় ডেকে নেন এবং ঘরে একা পেয়ে অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ করেন। তিনি যদি বাধা দিতেন, বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হতেন। এ ঘটনার পর ওই শিক্ষার্থী স্বাভাবিকভাবে ক্লাসে অংশ নিতে পারছেন না।

একাধিক ভুক্তভোগীর বক্তব্য সামনে আসার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছে। 

পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত চলমান রয়েছে।