ক্যাম্পাস

ব্যান্ডদল আর্টসেলের বিরুদ্ধে মামলা করলেন রাকসুর জিএস সালাহউদ্দীন আম্মার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১০:০৯ পিএম

ব্যান্ডদল আর্টসেলের বিরুদ্ধে মামলা করলেন রাকসুর জিএস সালাহউদ্দীন আম্মার
ছবি: সংগৃহীত

চুক্তি অনুযায়ী কনসার্টে অংশ না নেওয়ায় বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের ভোকালিস্ট লিংকন আর্টসেল এবং ব্যান্ডের ম্যানেজার খাদেমুল ওয়াহাব মাহেরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দীন আম্মার এ মামলা করেছেন।

বুধবার (২৬ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাঈদের আদালতে বাদী এ অভিযোগপত্র দাখিল করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে তেজগাঁও থানার ওসিকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন।

অভিযোগ অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে গত ১৫ আগস্ট অনুষ্ঠিত ‘জুলাই-৩৬ মুক্তির উৎসব’-এ পারফর্ম করার জন্য ১৯ জুলাই আর্টসেলের লিংকন ও ম্যানেজার মাহের চুক্তিবদ্ধ হয়েছিলেন। মোট ৫ লাখ ৭৫ হাজার টাকার চুক্তির বিপরীতে ৫ লাখ ২৫ হাজার টাকা অগ্রিমও পরিশোধ করা হয়।

তবে অনুষ্ঠান শুরুর প্রায় পাঁচ ঘণ্টা আগে আর্টসেলের পক্ষ থেকে ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয় যে তারা কনসার্টে অংশ নেবে না। এতে আয়োজক ও শিক্ষার্থীরা চরম ক্ষতির মুখে পড়ে, যা বাদীর হিসাব অনুযায়ী প্রায় ১৬ লাখ টাকা। পরবর্তী সময়ে ২৫ আগস্ট লিগ্যাল নোটিশ পাঠানো হলেও ব্যান্ডটির পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

মামলার বিষয়ে সালাহউদ্দীন আম্মার বলেন, “হ্যাঁ, কালচারাল ফ্যাসিস্ট আর্টসেলের বিরুদ্ধে মামলা করেছি। আমি এখন ট্রেনে রয়েছি; পরে বিস্তারিত জানাব।”