ক্যাম্পাস
খালেদা জিয়ার মৃত্যুতে ঢাবিতে ৩ দিনের শোক, ক্লাস ও পরীক্ষা স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে। শোকের অংশ হিসেবে আজ (মঙ্গলবার) থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ক্লাস এবং পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, এই তিন দিন প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হবে। রাষ্ট্রীয় শোক কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।
শোক পালনকালে বিশ্ববিদ্যালয়ে মরহুমার স্মৃতিতে বিশেষ একাডেমিক সেমিনার ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। এছাড়াও, কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামিআ’, হল, হোস্টেল এবং আবাসিক এলাকাসহ বিশ্ববিদ্যালয়ের সকল ধর্মীয় উপাসনালয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে কোরআনখানি, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আগামীকাল বুধবার বাদ যোহর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা করা হয়েছে। নির্দিষ্ট রুট অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক বাস জানাজাস্থলের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
উপাচার্য মরহুমার শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন।