ক্যাম্পাস

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিচালক পদে বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তার নিয়োগ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৩:২৬ পিএম

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিচালক পদে বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তার নিয়োগ
ছবিঃ সংগৃহিত

দেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় ‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়’-এর পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন বিসিএস শিক্ষা ক্যাডারের এক কর্মকর্তা। 
 
গতকাল রবিবার (১৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক মো. নওসের আলীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। এই কর্মকর্তা আগামী ২০ মের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। কর্মকর্তা আবশ্যিকভাবে নিজ পিডিএসে লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

অধ্যাপক মো. নওসের আলী ২২তম বিসিএস শিক্ষা ক্যাডারের ভূগোলের প্রভাষক হিসেবে যোগদান করেছিলেন বলে জানা গেছে। এর পর ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে পুনর্গঠিত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের বেসরকারি কলেজ শাখার উপ-পরিচালকের (কলেজ-২) দায়িত্ব পালন করছেন।   

উল্লেখ্য, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাব্যবস্থার শীর্ষ তদারকি প্রতিষ্ঠান ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। এটি রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় অবস্থিত।