ক্যাম্পাস
বিইউপির ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেটের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।
সভার শুরুতে উপাচার্য বিদায়ী সিনেট সদস্যদের অবদানের জন্য ধন্যবাদ জানান এবং নবনিযুক্ত সদস্যদের স্বাগত জানান। বক্তব্যে তিনি বলেন, তুলনামূলকভাবে নবীন বিশ্ববিদ্যালয় হলেও বিইউপির শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন একাডেমিক প্রতিযোগিতা, গবেষণা, সেমিনার, কর্মশালা এবং উদ্ভাবনী কার্যক্রমে ধারাবাহিক সাফল্য অর্জন করে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি করেছেন।
তিনি আরও বলেন, বিইউপি কেবল একাডেমিক শিক্ষার ওপরই নয়, শৃঙ্খলা, নৈতিকতা ও মূল্যবোধ গঠনের ওপরও বিশেষ গুরুত্ব দেয়। শিক্ষার্থীদের মধ্যে সততা, দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে নিয়মিত আলোচনা সভা, সিম্পোজিয়াম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপাচার্য জানান, গবেষণার ফলাফল দেশ-বিদেশে ছড়িয়ে দিতে বিইউপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একাধিক গবেষণা জার্নাল নিয়মিত প্রকাশ করছে। একই সঙ্গে চতুর্থ শিল্পবিপ্লব ও দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যেখানে একাডেমিক উৎকর্ষের পাশাপাশি নেতৃত্ব, সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাশক্তি, প্রযুক্তিগত দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতার ওপর সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ক্যাম্পাসে ব্যাপক অবকাঠামোগত উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। সেখানে ১৪ তলাবিশিষ্ট তিনটি আধুনিক একাডেমিক ভবন (এফএএসএস, এফএসটি ও ইউটিলিটি ভবন), শিক্ষার্থীদের জন্য দুটি পৃথক ১৪ তলাবিশিষ্ট আবাসিক হল এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দুটি আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, বিদেশি শিক্ষার্থী ও শিক্ষকের অংশগ্রহণ বৃদ্ধি, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ এবং বহুসাংস্কৃতিক শিক্ষা পরিবেশ গড়ে তোলার মাধ্যমে বিইউপি আন্তর্জাতিকীকরণের কার্যক্রম আরও জোরদার করে যাচ্ছে।
পরে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এয়ার কমোডর মো. রেজা এমদাদ খান, জিইউপি, বিইউপি, এনডিসি, পিএসসি, জিডি (পি), ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত ১৪৩ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার টাকার বাজেট এবং ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৪৯ কোটি ৩৩ লাখ ৬২ হাজার টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। আলোচনা শেষে সিনেট সদস্যরা সর্বসম্মতিক্রমে প্রস্তাবিত বাজেট অনুমোদন করেন।
এছাড়া সভায় বিইউপির ১৮তম বার্ষিক প্রতিবেদনও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. রব্বি আহসান, এনডিসি, পিএসসি।
১৮তম বার্ষিক সিনেট সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিইউপির জ্যেষ্ঠ কর্মকর্তারা।