ক্যাম্পাস

বুয়েটের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা সমর্থকরা 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৮:২০ এএম

বুয়েটের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা সমর্থকরা 
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল সমর্থকদের দলকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা সমর্থকদের দল। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের অংশগ্রহণে আয়োজিত এই ম্যাচে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও প্রাণবন্ত লড়াইয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গতকাল বৃহস্পতিবার (০২ জুলাই) বুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত ‘আনোয়ার ইস্পাত সিভিল ইঞ্জিনিয়ারিং ফুটবল উৎসব–২০২৬’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয় এই প্রীতি ম্যাচ। মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতা যেমন ছিল উত্তেজনাপূর্ণ, তেমনি গ্যালারিতে দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

নির্ধারিত সময়ের লড়াই শেষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা সমর্থকদের দল। ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়রা দারুণ লড়াই উপহার দেন, যা উপস্থিত দর্শকদের দারুণভাবে উপভোগ করতে দেখা যায়।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের নির্মাণসামগ্রী বিভাগের প্রধান বিপণন কর্মকর্তা গালিব মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান, বর্তমান পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. মাসুদ, বুয়েট ফুটবল দলের উপদেষ্টা অধ্যাপক ড. মোস্তফা আলী এবং সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মীর তারেক আলী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার ইস্পাতের বিপণন ও যোগাযোগ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক শাহেদ পারভেজ এবং ব্যবসা উন্নয়ন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক রাজিব আহমেদ।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানো, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করা এবং প্রাণবন্ত ক্যাম্পাস সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।