ক্যাম্পাস

বিশ্বকাপের ফাইনাল ঘিরে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা


ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ পিএম

বিশ্বকাপের ফাইনাল ঘিরে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর ফাইনাল ম্যাচ উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থী ও ক্যাম্পাসের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ের জন্য বহিরাগতদের প্রবেশ ও যান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে সোমবার (২০ জুলাই) ভোর ৬টা পর্যন্ত এই বিশেষ বিধিনিষেধ কার্যকর থাকবে। শনিবার (১৮ জুলাই) প্রক্টরের দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবেন না। একইসঙ্গে যানবাহন প্রবেশ ও চলাচলেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ থাকবে।

এতে আরও উল্লেখ করা হয়, শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত—এই প্রধান প্রবেশপথগুলো দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন প্রবেশ করতে পারবে। তবে জরুরি প্রয়োজনে কিছু যানবাহনের ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সংবাদকর্মীদের গাড়ি, রাইড-শেয়ারিং সেবা, খাবার সরবরাহকারী এবং সরকারি যানবাহন প্রয়োজন অনুযায়ী প্রবেশ করতে পারবে।

এছাড়া, পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি চলাচলের জন্য খোলা থাকবে বলে জানানো হয়েছে। তবে ক্যাম্পাস এলাকায় গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই নিয়ন্ত্রিত থাকবে।