ক্যাম্পাস
বায়োটেডের উদ্যোগে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্পেইন
থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে ঝুঁকি শনাক্তের লক্ষ্যে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ‘থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস অ্যান্ড স্ক্রিনিং ক্যাম্পেইন’।
আজ সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে বায়োটেড।
ক্যাম্পেইনে থ্যালাসেমিয়ার কারণ, লক্ষণ, প্রতিরোধ এবং প্রয়োজনীয় করণীয় বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি রোগ প্রতিরোধে স্ক্রিনিংয়ের গুরুত্ব এবং সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে প্রায় ২০০ শিক্ষার্থীর জন্য বিনামূল্যে থ্যালাসেমিয়া স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের সামনে দিনব্যাপী রক্তের নমুনা সংগ্রহ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়োটেডের নির্বাহী পরিচালক ড. সওগাতুল ইসলাম, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অনুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আবু তাহের, সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ শহিদুল আহমেদ খান, সহকারী অধ্যাপক সাওদা বিনতে মুনির এবং সিনিয়র লেকচারার মো. আফতাব উদ্দিন।
এ আয়োজনের টেকনিক্যাল পার্টনার হিসেবে সহযোগিতা করে GENX।