রাজধানী

শেওড়াপাড়ার বহুতল আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৭:৩৮ পিএম

শেওড়াপাড়ার বহুতল আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
শেওড়াপাড়ার বহুতল আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণিতে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। চারতলা ভবনের তিন তলায় লাগা আগুন ১৬ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৬টা ২৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তারা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং ৬টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

চারতলা ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ভবনের পাশে একটি মার্কেটও রয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।

তবে এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।