রাজধানী

শাহজালালের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ২৮ ইউনিট (ভিডিও)


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৩:২৬ পিএম

শাহজালালের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ২৮ ইউনিট (ভিডিও)
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। রাজধানীর বিভিন্ন স্টেশন থেকে আরও ৮টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।

আগুনের তীব্রতা ও বিস্তার ঠেকাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও যুক্ত হয়েছেন আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে।

বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে এবং আরও ৮টি ইউনিট রাস্তায় রয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

এই আগুন নিয়ে সশস্ত্র বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট, বাংলাদেশ ফায়ার সার্ভিস, সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ, এবং বাংলাদেশ নৌবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার ঘটনা মূলত কার্গো ভিলেজ এলাকায় সীমাবদ্ধ থাকলেও, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাময়িকভাবে বিমান ওঠানামা স্থগিত রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, যাত্রী টার্মিনাল এলাকা এখন পর্যন্ত এই আগুনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়নি এবং সেখানকার কার্যক্রম সীমিত আকারে সচল আছে। তবে কার্গো ভিলেজ থেকে ঘন কালো ধোঁয়ার উত্থান এখনও দৃশ্যমান, যা নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

আগুন কিভাবে লাগলো, তা জানতে ইতোমধ্যেই তদন্ত কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ জানানো হবে বলে জানানো হয়েছে।