রাজধানী

ফুটপাত দখল করে ব্যবসা বন্ধে আজ থেকে ডিএমপির অভিযান শুরু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৭ এএম

ফুটপাত দখল করে ব্যবসা বন্ধে আজ থেকে ডিএমপির অভিযান শুরু
ছবি: সংগৃহীত

রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে আজ বুধবার থেকে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৈধ সীমানার বাইরে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, গত ২৩ মার্চ জারি করা এক গণবিজ্ঞপ্তিতে ব্যবসায়ীদের ফুটপাত থেকে মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অনেক ক্ষেত্রে তা মানা হয়নি। ফলে পূর্বঘোষণা অনুযায়ী আজ থেকে অভিযান শুরু হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায়—বিশেষ করে ধোলাইখাল—ফুটপাত দখলের চিত্র দীর্ঘদিনের। শুধু ধোলাইখালই নয়, নগরীর অন্যান্য এলাকায়ও একই চিত্র। টায়ার, যন্ত্রাংশ, ফার্নিচার এমনকি খাবারের দোকানও ফুটপাত ছাড়িয়ে সড়কের অংশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এতে পথচারীদের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

ব্যবসায়ীরা অবশ্য বলছেন, প্রতিযোগিতার কারণে অনেক সময় বাধ্য হয়েই দোকানের পণ্য বাইরে রাখতে হয়। তাদের দাবি, ক্রেতারা সাধারণত দোকানের ভেতরে না গিয়ে বাইরে প্রদর্শিত পণ্য থেকেই কিনতে আগ্রহী।

অন্যদিকে পথচারীদের অভিযোগ, ফুটপাত দখলের কারণে তাদের রাস্তায় নেমে চলাচল করতে হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে এবং যানজটও তীব্র করছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান জানিয়েছেন, যেসব প্রতিষ্ঠান নিজস্ব সীমার বাইরে গিয়ে ফুটপাত ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে হকারদের জন্য নির্ধারিত এলাকায় শিগগিরই ‘হলিডে’ ও ‘নাইট মার্কেট’ চালুর পরিকল্পনাও রয়েছে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফুটপাত ও সড়ক দখলের কারণে পথচারীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড, অর্থদণ্ড এবং মালামাল জব্দসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।