রাজধানী
ভাইরাল ‘রাগ করলা?’ ট্রেন্ডে এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘রাগ করলা?’ ডায়লগ এবার ব্যবহার করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ট্রেন্ডিং এই সংলাপকে কাজে লাগিয়ে নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করেছে তারা।
সোমবার (১৮ মে) রাতের দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা হয়, ‘আর খালে ময়লা ফেলবা না, ওকে?’ পোস্টের পরের লাইনেই যোগ করা হয় ভাইরাল সংলাপ— ‘রাগ করলা?’
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়। অনেকেই জনসচেতনতামূলক বার্তা দিতে জনপ্রিয় ট্রেন্ড ব্যবহারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।

মূলত গত রোববার (১৭ মে) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকেই ‘রাগ করলা?’ সংলাপটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কের পাশে এক যুবকের সঙ্গে কথা বলার সময় এক গণক প্রায় প্রতিটি বাক্যের শেষে ‘রাগ করলা?’ বলছিলেন। তার কথার ধরন দ্রুতই নেটিজেনদের নজর কাড়ে।
এরপর থেকেই ফেসবুকজুড়ে শুরু হয় নানা মিম ও ট্রল। কেউ সেই গণককে অফিসের বসের সঙ্গে তুলনা করছেন, আবার কেউ মিল খুঁজে পাচ্ছেন শিক্ষকের আচরণের সঙ্গে। ভাইরাল সেই ট্রেন্ডে এবার যুক্ত হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও।