রাজধানী

ইঁদুরে কেটে দিল তার, ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৫:২৩ পিএম

ইঁদুরে কেটে দিল তার, ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা
ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকায় স্থাপিত এআইভিত্তিক ট্রাফিক ক্যামেরা বন্ধ থাকার খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তি ছড়ায়। বিভিন্ন পোস্টে দাবি করা হয়, গুরুত্বপূর্ণ এই দুই সিগন্যাল পয়েন্টে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা অচল হয়ে পড়েছে।

তবে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য পুরোপুরি সঠিক নয়। তাদের দাবি অনুযায়ী, অধিকাংশ এআই ক্যামেরা সচল রয়েছে এবং নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ডিএমপির আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সিস্টেম বিশ্লেষক শারমিন আফরোজ জানান, কারওয়ান বাজার এলাকায় এআই ক্যামেরার কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছিল। এটি কোনো সিদ্ধান্তগত কারণে নয়, বরং বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামোর কিছু কারিগরি কাজ চলাকালে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এ সমস্যা তৈরি হয়।

তিনি আরও জানান, দ্রুত মেরামত কাজ সম্পন্ন করে ক্যামেরাগুলো পুনরায় সচল করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় তিনটি এআই ক্যামেরা চালু রয়েছে এবং আরও একটি স্থাপনের কাজ চলছে। রাজধানীজুড়ে এখন ১১০টি এআই ক্যামেরা কার্যকর আছে, পাশাপাশি আরও ১০টি স্থাপনের কাজ এগিয়ে চলছে।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ইঁদুরে তার কেটে দেওয়ার কারণে ঢাকার দুটি গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টে এআই ক্যামেরা প্রায় ৪৮ ঘণ্টা বন্ধ ছিল। পরে মেরামতের মাধ্যমে তা আবার চালু করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে এবং ট্রাফিক নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহার বাড়াতে এআইভিত্তিক নজরদারি ব্যবস্থার পরিধি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।