রাজধানী

শনির আখড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:৩৯ এএম

শনির আখড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু 
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কদমতলীর শনির আখড়া এলাকায় বৃষ্টির পানিতে ডুবে থাকা পানির মোটর পরীক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রেজাউল করিম (৬২) নামে বাংলাদেশ ব্যাংকের সাবেক অ্যাডিশনাল ডিরেক্টরের মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে একাধিক হাসপাতালে নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভায়রা মো. বাকী জানান, বাসার নিচতলায় বৃষ্টির পানিতে ডুবে থাকা পানি তোলার মোটর পরীক্ষা করার সময় মোটরটিতে বিদ্যুৎ সংযোগ থাকায় রেজাউল করিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হলে অন্য হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেজাউল করিমের গ্রামের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার ভ্রমরদা গ্রামে। তিনি মৃত কাজিমুদ্দিন বিশ্বাসের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে কদমতলীর শনির আখড়া এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন। দুই সন্তানের জনক রেজাউল করিম দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকে কর্মরত ছিলেন এবং অ্যাডিশনাল ডিরেক্টর পদ থেকে অবসর গ্রহণ করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।