অপরাধ

স্কুলে যাওয়ার পথ থেকে তুলে নিয়ে ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় উদ্ধার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫০ পিএম

স্কুলে যাওয়ার পথ থেকে তুলে নিয়ে ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় উদ্ধার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়ার সময় তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই অজ্ঞাত যুবকের বিরুদ্ধে। ধর্ষণের পর তারা অজ্ঞান অবস্থায় মেয়েটিকে রাস্তার পাশে ফেলে যায়।

সোমবার (২৭ এপ্রিল) রাতে গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেয়েটির বাবা-মা ও স্বজনরা জানান, ওই ছাত্রী সোমবার (২৭ এপ্রিল) স্থানীয় বিদ্যালয়ে যাওয়ার সময় প্রায় সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের সামসপাড়া এলাকার দুই যুবক তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেয়। এরপর পাশের ফুটানী বাজার এলাকার অজ্ঞাত স্থানে নিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করে। পরে বিকেলে স্থানীয় ‘ইক্ষু সেন্টারের’ পাশে শিশুটিকে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। বিকেলে শিশুটিকে সড়কের পাশে পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেন পথচারীরা। খবর পেয়ে বাবা-মা মেয়েটিকে উদ্ধার করে সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার (এমও) ডা. ফাহাদ আল আসাদ জানান, সন্ধ্যা ৬ টার দিকে মেয়েটিকে এখানে নিয়ে আসা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষাসহ উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বিষয়টি জানার পর গুরুত্বসহ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হবে।