অর্থনীতি
পাওনা আদায়ে এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলছে ইসলামী ব্যাংক
বকেয়া ঋণ আদায়ের লক্ষ্যে এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্পত্তি নিলামে বিক্রির নোটিশ দিয়েছে ইসলামী ব্যাংক। রোববার (২৩ মার্চ) দেশের একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নিলাম বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ মার্চ পর্যন্ত সুদ ও আসলসহ ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে ইসলামী ব্যাংকের মোট পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৮ কোটি টাকা। এ ঋণ আদায়ের জন্য ব্যাংকটি প্রতিষ্ঠানটির বন্ধকি ২০১.৭৫ শতক জমি এবং সেখানকার ভবন ও স্থাপনাসমূহ নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখিত জমিগুলো চট্টগ্রামে অবস্থিত। আগ্রহী ক্রেতাদের আগামী ২৭ এপ্রিলের মধ্যে বিডিং করার জন্য বলা হয়েছে।
এর আগে, গত নভেম্বর মাসে এস আলম গ্রুপ জানায় যে, এলসি (লেটার অব ক্রেডিট) খুলতে না পারায় প্রয়োজনীয় কাঁচামালের অভাবে ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজের কারখানা বন্ধ রাখতে হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১৯ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের শেয়ার কিনে ব্যাংকটির বোর্ডের নিয়ন্ত্রণ নেয়। এরপর বিভিন্ন নামে-বেনামে ব্যাংকটি থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকার ঋণ গ্রহণ করে এস আলম গ্রুপ। বর্তমানে ইসলামী ব্যাংকের প্রায় ৮৩ শতাংশ শেয়ার এস আলম গ্রুপের কাছে রয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের নির্দেশে বর্তমানে জব্দ অবস্থায় রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়ার মধ্য দিয়ে এস আলম গ্রুপের ব্যাংকটির উপর কর্তৃত্বের অবসান ঘটে।
এর আগে, এস আলম গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের বন্ধকি সম্পদ বিক্রি করে ঋণ আদায়ের জন্য জনতা ব্যাংকও নিলাম নোটিশ জারি করেছিল।