অর্থনীতি
আগামী শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ
আসন্ন হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে আগামী ১৮ অক্টোবর (শনিবার) হজসংক্রান্ত ব্যাংক লেনদেনের জন্য দেশের নির্দিষ্ট কিছু ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ও উপশাখাগুলো খোলা থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আগত আমানতকারীরা যতক্ষণ পর্যন্ত উপস্থিত থাকবেন, ব্যাংকগুলোকে ততক্ষণ পর্যন্ত অর্থ গ্রহণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।”
এছাড়া ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট শাখাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই সিদ্ধান্ত ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর ৪৫ ধারা অনুসারে নেওয়া হয়েছে, যাতে হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়।
বিশ্লেষকরা মনে করছেন, ব্যাংক খোলা রাখার এই উদ্যোগ হজ নিবন্ধন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে এবং হাজিদের আর্থিক কার্যক্রম সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।