অর্থনীতি
কমলো ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম
দেশের বাজারে ফের কমানো হয়েছে জ্বালানি তেলের দাম। নতুন করে প্রতি লিটার ডিজেলের দাম কমেছে ২ টাকা, অকটেন ও পেট্রোলের দাম কমেছে ৩ টাকা করে। তবে কেরোসিনের দাম উল্টো বেড়েছে ১০ টাকা।
শনিবার (৩১ মে) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, ১ জুন (রবিবার) থেকে নতুন এই মূল্যহার কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা করা হয়েছে। পেট্রোলের দাম ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা এবং অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কেরোসিনের দাম প্রতি লিটারে ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত মাসে ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা করে কমানো হয়েছিল। তারও আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ফেব্রুয়ারিতে অবশ্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১ টাকা করে বাড়ানো হয়েছিল।
২০২৪ সালের মার্চ মাস থেকে সরকার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় কার্যক্রম চালু করে। সেই অনুযায়ী, প্রতি মাসেই সংশোধিত দাম ঘোষণা করা হচ্ছে।