অর্থনীতি

আরও কমলো এলপি গ্যাসের দাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১০:৫৫ এএম

আরও কমলো এলপি গ্যাসের দাম
ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায়ে আরও এক ধাপ কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জুন মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করেছে।

সোমবার (২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি এ তথ্য জানায়। জানানো হয়, নতুন এই মূল্য সন্ধ্যা ৬টা থেকেই সারা দেশে কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, “আন্তর্জাতিক বাজারে মূল্য কমায় সমন্বয়ের অংশ হিসেবে এবারও এলপিজির দাম কমানো হয়েছে।” এর আগের মাসে, অর্থাৎ মে মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩১ টাকা ছিল। তারও আগে, ৩ মার্চ দাম ছিল ১ হাজার ৪৫০ টাকা এবং ফেব্রুয়ারিতে ছিল ১ হাজার ৪৭৮ টাকা।

গত কয়েক মাসে এলপিজির দামে যে ওঠানামা হয়েছে, তার মধ্যে এবারের কমতি তুলনামূলকভাবে বেশি। জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই নিয়ে টানা চারবার এলপিজির দাম কমানো হলো। তবে জানুয়ারি এবং এপ্রিল মাসে দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।

শুধু রান্নার গ্যাসই নয়, জুন মাসে কমেছে পরিবহন খাতে ব্যবহৃত অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে মূসকসহ ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। নতুন এই দামটিও আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

এর আগেও গত মাসে (মে) অটোগ্যাসের দাম ৮৪ পয়সা কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা করা হয়েছিল। আর মার্চে দাম বেড়ে হয়েছিল ৬৬ টাকা ৪৩ পয়সা।

২০২৪ সালে বিইআরসি সাতবার এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়িয়েছে এবং চারবার কমিয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বেড়েছিল। অন্যদিকে এপ্রিল, মে, জুন ও নভেম্বর মাসে দাম কমেছিল। ডিসেম্বর মাসে দাম অপরিবর্তিত ছিল।