অর্থনীতি
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, ভরিতে কত বাড়ল?
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বুধবার সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।
বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সমিতি জানায়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
সমিতি জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব স্বর্ণালঙ্কারের দোকানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি যুক্ত হবে। বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কার ক্রয় বা বদলের ক্ষেত্রেও আগের নিয়ম বহাল থাকবে।
এর আগে গত ২১ জুলাই সোনার দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরির মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। সে সময় ২১ ক্যারেটের প্রতি ভরি ছিল ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ছিল ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৯৩ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৫ দফায় দাম বেড়েছে, ৪৭ দফায় কমেছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, গত বছর মোট ৯৩ দফা মূল্য সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৭৪ টাকা।