অর্থনীতি

সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ এএম

সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা
ছবি: সংগৃহীত

সারাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডারের বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (৭ জানুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে জারি করা এক নোটিশে এ ঘোষণা দেওয়া হয়। নোটিশে বলা হয়, আগামী ৮ জানুয়ারি থেকে তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাংলাদেশের সকল এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে সকল কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত রাখা হবে।

এর আগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরেন এলপিজি ব্যবসায়ীরা। সেখানে তারা স্পষ্ট করে জানান, ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ করে দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হওয়ায় সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিক্রি বন্ধের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করা জরুরি। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও অযৌক্তিক জরিমানা বন্ধ করার দাবি জানান তারা। তাদের অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত মূল্যে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

সমিতির পক্ষ থেকে আরও বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে। এই সিদ্ধান্ত কার্যকর হলে সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে গ্যাস সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।