অর্থনীতি
শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায় বন্ধে আড়ংকে আইনি নোটিশ
কেনাকাটার পর কাগজের শপিং ব্যাগের জন্য ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি এ নোটিশ পাঠান। এর আগে একই অভিযোগে গত বছরের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের আইনজীবী নিশাত ফারজানা আড়ংকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন।
রেজিস্ট্রি ডাকযোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কেনাকাটার পর বিনামূল্যে শপিং ব্যাগ না দিয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে আড়ং, যা দেশের প্রচলিত আইনের পরিপন্থী।
আইনজীবী সাদ্দাম হোসেন অভি বলেন, গত কয়েক মাস ধরে আড়ংয়ের বিভিন্ন বিক্রয়কেন্দ্রে পণ্য কেনার পর ব্যাগের জন্য বাড়তি টাকা দিতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। ফলে অনেক ক্রেতাকে হাতে করে পণ্য বহন করতে হচ্ছে। এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা।
নোটিশে আরও বলা হয়, নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হবে। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া ভবিষ্যতে সব ক্রেতাকে বিনামূল্যে পণ্য বহনের ব্যাগ সরবরাহ নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।