অর্থনীতি

পাকিস্তান থেকে বাংলাদেশে গাড়ি রপ্তানিতে নতুন চুক্তি সই


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১১:২৪ এএম

পাকিস্তান থেকে বাংলাদেশে গাড়ি রপ্তানিতে নতুন চুক্তি সই
ছবিঃ সংগৃহীত

পাকিস্তান থেকে বাংলাদেশে গাড়ি রপ্তানির লক্ষ্যে দেশটির এমজি জেডব্লিউ অটোমোবাইল পাকিস্তান এবং বাংলাদেশের র‌্যানকন গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

গতকাল শুক্রবার (৩১ জুলাই) ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের শিল্প ও উৎপাদন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চুক্তির আওতায় চলতি বছরের মধ্যেই বাংলাদেশে ১০০টি গাড়ি রপ্তানি করা হবে। আগামী চার বছরে মোট ৫ হাজার ৮০০টি গাড়ি রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অংশীদারত্বের ফলে বাংলাদেশের অটোমোবাইল বাজারে নতুন মডেলের গাড়ি যুক্ত হবে। এতে বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং ক্রেতারা প্রতিযোগিতামূলক দামে আরও বেশি বিকল্পের সুযোগ পাবেন। পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাও আরও জোরদার হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে র‌্যানকন গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রশীদ ভূঁইয়া বলেন, এ চুক্তির মাধ্যমে দেশের অটোমোবাইল খাতে স্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি হবে। একই সঙ্গে পাকিস্তানে উৎপাদিত উন্নতমানের গাড়ি বাংলাদেশের ভোক্তাদের কাছে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর শিল্প ও উৎপাদনবিষয়ক বিশেষ সহকারী হারুন আখতার খান এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অংশীদারত্ব দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে এবং বেসরকারি খাতের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে।

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি প্রতিনিধি এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।