অর্থনীতি
বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৩,৫৫০ ডলারের গণ্ডি পেরিয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৩,৫৫৪ দশমিক ৭৯ ডলারে। দিনের শুরুর দিকে তা পৌঁছেছিল সর্বোচ্চ ৩,৫৫৬ দশমিক ০১ ডলারে।
একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসের জন্য স্বর্ণের ফিউচার দর শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩,৬২১ দশমিক ৩০ ডলারে।
বিশ্লেষকদের মতে, ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মাঝে নিরাপদ বিনিয়োগের চাহিদা বৃদ্ধির কারণে স্বর্ণের দাম এমন ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে।
জ্যানার মেটালসের ভাইস প্রেসিডেন্ট পিটার গ্রান্ট বলেন, "যদি কর্মসংস্থানের পরিসংখ্যান প্রত্যাশার চেয়ে দুর্বল আসে, তবে সেপ্টেম্বরে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানোর সম্ভাবনা আরও বাড়বে। সে ক্ষেত্রে স্বর্ণের দর আরও বাড়তে পারে।"
তিনি আরও বলেন, "স্বল্প ও মধ্য মেয়াদে স্বর্ণের দাম ৩,৬০০ থেকে ৩,৮০০ ডলারের মধ্যে উঠতে পারে। এমনকি ২০২৬ সালের প্রথম প্রান্তিকের শেষ নাগাদ তা ৪,০০০ ডলারের কাছাকাছিও পৌঁছাতে পারে।"
সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুসারে, বর্তমানে ৯২ শতাংশ সম্ভাবনা রয়েছে যে ফেড সেপ্টেম্বরেই সুদের হার কমাবে। এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের কঠোর সুদনীতির সমালোচনা করে আসছেন।
অর্থনীতির গতি প্রকৃতির উপরই নির্ভর করবে ফেডের চূড়ান্ত সিদ্ধান্ত। হেরিয়াস মেটালসের ব্যবসায়ীরা বলছেন, "মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে তৈরি হওয়া উদ্বেগ ডলারভিত্তিক সম্পদের প্রতি আস্থা কমিয়ে দিয়েছে, যার ফলে বিনিয়োগকারীরা স্বর্ণের দিকেই ঝুঁকছেন।"
শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও ঊর্ধ্বমুখী। স্পট সিলভারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪০ দশমিক ৯৭ ডলার, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্লাটিনামের দর দাঁড়িয়েছে ১,৪১৭ দশমিক ০৩ ডলার, আর প্যালাডিয়ামের মূল্য উঠেছে ১,১৪৮ দশমিক ৬০ ডলারে।