শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা পাবেন অতিরিক্ত সময়


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০২:৫৪ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা পাবেন অতিরিক্ত সময়
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় এবার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অতিরিক্ত ৩০ (ত্রিশ) মিনিট সময় সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৯৭তম সভার সিদ্ধান্ত এবং শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ববর্তী নির্দেশনার আলোকে এই মানবিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় যারা অংশ নিচ্ছেন, তাদের মধ্যে যদি কেউ অটিজম, ডাউন সিনড্রোম অথবা সেরিব্রাল পলসিতে আক্রান্ত হন, তবে তারা পরীক্ষায় অতিরিক্ত সময়ের সুযোগ পাবেন।

তবে এই সুবিধা পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে।

প্রথমত, শিক্ষার্থীদের সমাজসেবা অধিদফতর কর্তৃক প্রদত্ত বৈধ প্রতিবন্ধী সনদ থাকতে হবে।

দ্বিতীয়ত, পরীক্ষার আগে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শিক্ষার্থীর প্রবেশপত্র ও প্রতিবন্ধী সনদ যাচাই করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। যাচাইকৃত কাগজপত্রসমূহ – প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি – বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বা উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে।

এছাড়া, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের উত্তরপত্রগুলো অন্যদের থেকে আলাদাভাবে বিশেষভাবে সিলগালা করে পাঠাতে হবে। ওই খামের উপরে লাল কালিতে স্পষ্টভাবে “বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীর উত্তরপত্র” লিখে তা পাঠাতে হবে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (অনার্স পার্ট-৪) মো. শামীম আহমেদের ঠিকানায়—জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৪০৭।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে অনেকেই শিক্ষার্থীবান্ধব ও মানবিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন। এতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার পরিবেশ আরও সহজ ও সমান সুযোগপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।