শিক্ষা

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: প্রতিমন্ত্রী ববি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:১৮ পিএম

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: প্রতিমন্ত্রী ববি
ছবিঃ সংগৃহীত

সংসদে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মন্তব্য করেছেন যে, দীর্ঘদিনের অবহেলার কারণে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মান বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থায় পৌঁছেছে। তার মতে, দেশের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যায়ের শিক্ষার মানকে অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির মানের সঙ্গে তুলনা করা হয়, যা শিক্ষা খাতের গভীর সংকটের ইঙ্গিত দেয়। 

আজ রবিবার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০২৫–২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। 

ববি হাজ্জাজ বাজেটকে “জনগণবান্ধব ও ভবিষ্যতমুখী” হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং এটিকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি দাবি করেন, প্রাথমিক ও গণশিক্ষা খাতে এবার তুলনামূলকভাবে বড় বরাদ্দ রাখা হয়েছে এবং খাতটিকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অতীতের দুই দশকের অব্যবস্থাপনার কারণে প্রাথমিক ও গণশিক্ষা খাতে নানাবিধ সংকট তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে উচ্চশিক্ষায়ও। অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারছে না বলে তিনি মন্তব্য করেন।

সংসদে সাংস্কৃতিক ও ক্রীড়া কারিকুলাম অন্তর্ভুক্তির বিরোধিতাকারীদের সমালোচনা করে তিনি বলেন, প্রাথমিক পর্যায় থেকেই খেলাধুলা ও সাংস্কৃতিক শিক্ষা যুক্ত করার উদ্যোগকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তার মতে, এ ধরনের শিক্ষা শিশুদের সৃজনশীলতা বিকাশে সহায়ক হবে।

এ সময় তিনি বলেন, উন্নত ও “ক্রিয়েটিভ বাংলাদেশ” গড়তে হলে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ও সৃজনশীল শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষা খাতে জিডিপির বরাদ্দ বাড়ানোর বিষয় উল্লেখ করে তিনি জানান, এটি ১.৩–১.৪ শতাংশ থেকে বাড়িয়ে প্রায় ২ শতাংশে উন্নীত করা হয়েছে এবং ভবিষ্যতে ধাপে ধাপে ৫ শতাংশে নেওয়ার লক্ষ্য রয়েছে।

তিনি বিরোধী রাজনৈতিক পক্ষকে গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় উন্নয়ন ও শিক্ষা সংস্কার প্রক্রিয়ায় যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না করা হয়।বাধা সৃষ্টি না করেন।