বিনোদন
ব্যাচেলর পয়েন্টে নতুন চরিত্রে যুক্ত হলেন স্পর্শিয়া
কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় কমেডি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ ক্রমেই জমে উঠছে। পুরুষ চরিত্র কাবিলা, হাবু, পাশাদের ফ্ল্যাটে ফিরে এসেছে নেহাল। এবার সিরিয়ালে যুক্ত হয়েছেন নতুন মুখ, অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া, যা দর্শকদের জন্য বড় একটি চমক হিসেবে দেখানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।
সিরিয়ালের নির্মাতা কাজল আরেফিন অমি ফেসবুকে একটি পোস্ট দিয়ে রহস্য উন্মোচন করেন। তিনি লিখেন, ‘ব্যাচেলর পয়েন্টে হ্যাতে কে?’ এরপর বৃহস্পতিবার প্রকাশিত পোস্টের মাধ্যমে জানা যায়, নতুন চমক হলেন স্পর্শিয়া।

নতুন চরিত্রে যোগ দেওয়ার প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, “গত কয়েক বছর আমি মূলত সিরিয়াস জনরার কাজ করেছি। এবার চাচ্ছিলাম ফান-কমেডি বা রঙিন চরিত্রে কাজ করতে, যাতে দর্শকের সঙ্গে আরও বেশি সংযোগ তৈরি হয়। ব্যাচেলর পয়েন্টের টিম যখন আমাকে ফোন করল, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। এটি তো একটি জনপ্রিয় ব্র্যান্ড। আশা করছি, আমাদের সহযোগিতা দর্শকদের পছন্দ হবে।”
নির্মাতা অমি বলেন, “পুরুষ চরিত্র এখানে বেশি দেখা যায়। সিজন ফাইভে গল্পের চাহিদা অনুযায়ী নতুন ফিমেল চরিত্র দরকার ছিল। স্পর্শিয়ার চরিত্র দর্শকদের জন্য এক বড় সারপ্রাইজ হবে। তার সঙ্গে কারও পেয়ার হবে কি হবে না, সেটা পরবর্তী এপিসোডে দর্শকরা দেখবেন।”
সিজন ৫-এ স্পর্শিয়ার সঙ্গে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষি আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, ইরফান মৃধা শিবলু পাভেল, আবদুল্লাহ রানা ও মনিরা মিঠু প্রমুখ।