বিনোদন

গান-অভিনয় বাদ দিয়ে ভিন্ন পরিচয়ে পর্দায় ফিরছেন তাহসান


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম

গান-অভিনয় বাদ দিয়ে ভিন্ন পরিচয়ে পর্দায় ফিরছেন তাহসান
তাহসান খান। ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবার ফেরত আসছেন ভিন্ন পরিচয়ে- টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপক হিসেবে। দর্শকপ্রিয় পারিবারিক গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর নতুন মৌসুমে আবারও দেখা যাবে তাকে সঞ্চালকের ভূমিকায়।

মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানটির দ্বিতীয় মৌসুমের ঘোষণা দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসেম্বর থেকে শুরু হবে শুটিং, আর এবারের সিজনে থাকবে আরও মজার প্রশ্ন, হাস্যরস ও পারিবারিক প্রতিযোগিতা।

তাহসান খান বলেন, “ফ্যামিলি ফিউড বাংলাদেশ আমার কাছে শুধু একটি টেলিভিশন অনুষ্ঠান নয়—এটি একটি পারিবারিক মিলনমেলা। এখানে হাসি, ভালোবাসা আর একসঙ্গে সময় কাটানোর আনন্দ আছে। নতুন সিজনে আরও বড় পরিসরে দেশের বিভিন্ন প্রান্তের পরিবারগুলোর সঙ্গে সময় কাটানোর জন্য আমি ভীষণ উচ্ছ্বসিত।”

tahsan1_Dhakaprokash.jpg

প্রথম সিজনের মতো এবারও অনুষ্ঠানটি প্রচার করবে এনটিভি, আর অনলাইন পার্টনার হিসেবে থাকছে বঙ্গ।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, প্রথম মৌসুম ছিল বিপুল সাফল্যমণ্ডিত—বিভিন্ন প্ল্যাটফর্মে অনুষ্ঠানটির মোট ভিউ ১০০ কোটিরও বেশি ছাড়িয়েছে, আর সরাসরি অংশগ্রহণ করেছেন প্রায় ২.৫ কোটি দর্শক। এখনো বঙ্গতে প্রথম সিজনের পর্বগুলো দেখা যাচ্ছে, যা দর্শকদের আগ্রহ ধরে রেখেছে।

ইতিমধ্যেই দ্বিতীয় সিজনের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আয়োজকরা বলেন, “দেশের প্রতিটি পরিবারকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা পরিবারের সঙ্গে হাসতে, খেলতে আর স্মৃতি তৈরি করতে ভালোবাসেন, তাদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা হবে।”

প্রথম সিজনে তাহসানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। সেই মৌসুমে সারাদেশ থেকে অংশ নিয়েছিল ৪৮টি পরিবার, আর মোট পুরস্কার দেওয়া হয়েছিল ৩০ লাখ টাকারও বেশি। আয়োজকদের আশা, দ্বিতীয় সিজন আগের সাফল্য ছাড়িয়ে যাবে।