বিনোদন

কিংবদন্তী শিল্পী কানাই দাস বাউল আর নেই


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পিএম

কিংবদন্তী শিল্পী কানাই দাস বাউল আর নেই
কানাই দাস বাউল। ছবি: সংগৃহীত

ভারতীয় বাউল সংগীত অঙ্গনের বরেণ্য সাধক-শিল্পী কানাই দাস বাউল আর নেই।

শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের তারাপীঠ–এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

প্রখ্যাত চিত্রগ্রাহক ও নির্মাতা রঞ্জন পালিত সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই শিল্পী। বিশেষ করে গত দুই মাস ধরে তিনি যক্ষ্মা–এ আক্রান্ত ছিলেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে অ্যাজমা ও ডায়াবেটিসেও ভুগছিলেন।

গ্রামবাংলার এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া কানাই দাস বাউল শৈশব থেকেই দৃষ্টিহীন ছিলেন। তবে এই সীমাবদ্ধতা তাঁর সংগীতজীবনকে থামাতে পারেনি। বরং অন্তর্দৃষ্টির মাধ্যমে তিনি মানবতা, জীবনদর্শন ও আধ্যাত্মিকতার গভীরতা উপলব্ধি করেন।

ছোটবেলা থেকেই সংগীত ও সাধনার প্রতি আকৃষ্ট হয়ে পরবর্তীতে বাউল ধারায় নিজেকে সম্পৃক্ত করেন। একতারা হাতে গ্রাম থেকে গ্রামে, মেলা ও আখড়ায় ঘুরে মানবতার গান ছড়িয়ে দেন তিনি। তাঁর পরিবেশিত গান ও দর্শন শ্রোতাদের মধ্যে বিশেষ সাড়া জাগায়।

দেশ-বিদেশে বিভিন্ন আয়োজনে সংগীত পরিবেশন করে পরিচিতি পাওয়া এই শিল্পী ২০১৯ সালে ‘সহজিয়া সম্মান’ লাভ করেন। ব্রিটিশ ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল তাঁর আলোচিত গ্রন্থ ‘নাইন লাইভস’–এ ‘দ্য সংস অব দ্য ব্লাইন্ড মিনস্ট্রেল’ শিরোনামে একটি অধ্যায় উৎসর্গ করেন কানাই দাস বাউলকে।

তাঁর মৃত্যুতে বাউল সংগীতাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ভক্তদের কাছে ‘কানাই বাবা’ নামে পরিচিত এই সাধক-শিল্পীর প্রস্থানকে অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে তাঁর গান, দর্শন ও সাধনা আগামী প্রজন্মের মাঝে অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবে।