বিনোদন
দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি কিছুটা ‘কিছুটা পুরুষতান্ত্রিক’: অভিনেত্রী তামান্না
হিন্দি সিনেমা দিয়ে অভিষেক হলেও অভিনয়জীবনের প্রকৃত সাফল্য পেয়েছেন তেলুগু চলচ্চিত্রে। প্রায় দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠা অভিনেত্রী তামান্না ভাটিয়া মনে করেন, দক্ষিণী চলচ্চিত্র শিল্পে এখনো নারীদের প্রতি একটি ‘কিছুটা পুরুষতান্ত্রিক’ দৃষ্টিভঙ্গি বিদ্যমান।
সম্প্রতি ফোর্বস ইন্ডিয়া কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই অভিনেত্রী। তার মতে, দক্ষিণ ভারতীয় সিনেমায় নারীদের উপস্থাপনের ধরন সবসময় ইতিবাচক বা প্রশংসনীয় নয়। সেই তুলনায় বলিউডে শিল্পী হিসেবে নিজেকে বিভিন্নভাবে প্রকাশ করার সুযোগ বেশি।
তামান্না বলেন, “হিন্দি চলচ্চিত্র শিল্পে মূলত দুই ধরনের অভিনেতা-অভিনেত্রী আছেন। কেউ অভিনয়নির্ভর চরিত্রে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাই সবসময় গ্ল্যামারাস গান বা নাচে অংশ নেন না। আবার কেউ দুটিই সমান দক্ষতায় করেন। বলিউড এই দুই ধরনের শিল্পীকেই জায়গা দেয়, আর যারা দুটোই সফলভাবে করতে পারেন, তারাই শেষ পর্যন্ত সুপারস্টার হয়ে ওঠেন।”
দক্ষিণী চলচ্চিত্র নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, “সেখানে একটি বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে, যেটিকে কিছুটা পুরুষতান্ত্রিক বলা যায়। সেই দৃষ্টিভঙ্গি নারীদের প্রতি খুব একটা ইতিবাচক বা প্রশংসাসূচক নয়। তবে আমি ওই ইন্ডাস্ট্রির সংগীতনির্ভর বিনোদনধর্মী দিকটি বুঝতে পেরেছি। সেখানে তারকাসুলভ উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাণিজ্যিক সাফল্যের জন্য অনেক সময় গল্প বা চরিত্রের পরিসর সীমিত হয়ে যায়।”
তবে নিজের মন্তব্যকে ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে ব্যাখ্যা করেছেন তামান্না। তিনি বলেন, সবার অভিজ্ঞতা এক নাও হতে পারে। তার বিশ্বাস, যেসব অভিনেত্রী এক দশক বা তারও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে ক্যারিয়ার ধরে রাখতে পেরেছেন, তারা অভিনয়নির্ভর চরিত্রের পাশাপাশি নাচ-গান ও বাণিজ্যিক ধারার ছবিতেও সমান দক্ষতার পরিচয় দিয়েছেন।
এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি অপেক্ষা করছেন নতুন ছবি ‘বিবান: ফোর্স অব দ্য ফরেস্ট’-এর মুক্তির। দীপক মিশ্র পরিচালিত এই ছবিতে তামান্নার সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, মনীশ পাল, সুনীল গ্রোভার ও শ্বেতা তিওয়ারি। আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ছবিটি।