বিনোদন
জানি না এত সম্পদ নিয়ে আমি কী করব: তামান্না ভাটিয়া
মাত্র ১৫ বছর বয়সে ‘চাঁদ সা রোশন চেহরা’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন তামান্না ভাটিয়া। দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে। অভিনয়ের পাশাপাশি আইটেম গান, বিজ্ঞাপন এবং ব্যবসায়ও সফল তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে বিপুল সম্পদের মালিক হয়েছেন তামান্না। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তার সম্পদের পরিমাণ ১০০ কোটিরও বেশি। মুম্বাইয়ের অভিজাত এলাকায় সমুদ্রমুখী বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্ট রয়েছে তার। সেখানে জাকুজি, ওয়াক-ইন ক্লোজেট, দামি আসবাব ও শিল্পকর্মে সাজানো অভিজাত বাসস্থান নজর কাড়ে।
তবে এত সম্পদ নিয়েও অর্থের প্রতি নিজের কোনো মোহ নেই বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন, ‘জানি না এত সম্পদ নিয়ে আমি কী করব। মৃত্যুর পর তো কেউ টাকা-পয়সা সঙ্গে করে নিয়ে যেতে পারে না। তবু আমার ভেতরে একটা ঝোঁক কাজ করে। সেই ঝোঁকের কারণেই আমি কাজ করে যাই। তার মানে এই নয় যে আমি টাকার পেছনে ছুটি।’
চলতি বছর অভিনয়ের পাশাপাশি নতুন পরিচয়ও যোগ হয়েছে তার জীবনে। তিনি চালু করেছেন নিজের বিলাসবহুল গয়নার ব্র্যান্ড ‘তামান্না ফাইন জুয়েলারি’। ফলে সফল অভিনেত্রীর পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করছেন তিনি।
কেন এত কাজ করেন—এ প্রশ্নের জবাবে তামান্না বলেন, ‘আমার একটা অদ্ভুত লোভ আছে। আমি নিজেকে নতুন নতুন ভূমিকায় দেখতে ভালোবাসি। নিজের কাজের পরিধি আরও বড় করতে চাই। আমি বিশ্বাস করি, কোনো কাজ করলে নিজেকে সীমাবদ্ধ না রেখে যতটা সম্ভব বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়া উচিত। আমি সেটাই করার চেষ্টা করি।’
তামান্নার এই দর্শন অনেকটা ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সেই বিখ্যাত বার্তার সঙ্গে মিলে যায়—যোগ্যতা অর্জন করো, সাফল্য নিজেই তোমার পিছু নেবে।