বিনোদন

মেসিকে ‘লুজার’ বললেন অভিনেত্রী গওহর খান, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক 


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:৫০ পিএম

মেসিকে ‘লুজার’ বললেন অভিনেত্রী গওহর খান, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক 
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় ও বিতর্কিত জয়ের পর নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী গওহর খান। সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে ‘লুজার’ এবং ‘অভিনেতা’ বলে মন্তব্য করেছেন তিনি।

গত মঙ্গলবার (০৭ জুলাই) আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে এক কনটেন্ট ক্রিয়েটরের শেয়ার করা একটি ভিডিও পুনরায় পোস্ট করে মেসির সমালোচনা করেন গওহর খান।

ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘কী এক লুজার! মেসি নয়, যেন “মেসি” (Messy)। একেবারে নিকৃষ্ট মানের অভিনেতা।’

গওহর যে ভিডিওটি শেয়ার করেন, সেখানে আর্জেন্টিনা-মিসর ম্যাচটিকে ‘ফুটবল ইতিহাসের সবচেয়ে দুঃখজনক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করা হয়।

কেন এই বিতর্ক?

ম্যাচে ২-০ গোলে এগিয়ে ছিল মিসর। তবে শেষ দিকে টানা তিন গোল করে অবিশ্বাস্য জয় তুলে নেয় আর্জেন্টিনা।

ম্যাচের শেষ ভাগে রেফারির কয়েকটি সিদ্ধান্ত, ভিএআর ব্যবহার এবং কিছু অন-ফিল্ড ঘটনাকে ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। মিসরের খেলোয়াড়, কোচ ও সমর্থকদের একাংশ রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন এবং পক্ষপাতিত্বের অভিযোগ করেন।

এই প্রেক্ষাপটেই গওহর খানের মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তার মন্তব্যের পর ফুটবলপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একপক্ষ তার মন্তব্যের সমালোচনা করেন, অন্যদিকে কেউ কেউ ম্যাচের বিতর্কিত ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে তার বক্তব্যকে সমর্থনও করেন।

সব বিতর্কের মধ্যেই আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। শেষ আটে লিওনেল স্কালোনির দল মুখোমুখি হবে সুইজারল্যান্ডের।

সূত্র: সামা টিভি