বিনোদন
ঢাকাই সিনেমার ‘হাসির রাজা’ দিলদারের মৃত্যুবার্ষিকী আজ
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদার-এর মৃত্যুবার্ষিকী আজ। ২০০৩ সালের ১৩ জুলাই ৫৮ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল দেশের চলচ্চিত্রাঙ্গনে। মৃত্যুর পর রাজধানীর ডেমরার সানারপাড়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুর সদর উপজেলার শাহতলী গ্রামে জন্মগ্রহণ করেন দিলদার। এসএসসি পাসের পরই প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনের ইতি টানেন। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী রোকেয়া বেগম। তাদের সংসারে দুই কন্যাসন্তান রয়েছে।
১৯৭২ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু হলেও তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল 'কেন এমন হয়' (১৯৭৫)। এরপর নিজের অনন্য অভিনয়শৈলী ও স্বতঃস্ফূর্ত কৌতুকাভিনয়ের মাধ্যমে তিনি হয়ে ওঠেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা।
দিলদারের জনপ্রিয়তা এতটাই ছিল যে, অনেক পরিচালক তাকে কেন্দ্র করেই সিনেমার গল্প ও চরিত্র নির্মাণ করতেন। কৌতুক অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হলেও দর্শকপ্রিয়তার কারণে তাকে প্রধান চরিত্রে নিয়ে নির্মিত হয় সুপারহিট চলচ্চিত্র 'আব্দুল্লাহ'।
চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৩ সালে 'তুমি শুধু আমার' চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সেরা কৌতুক অভিনেতা বিভাগে।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে বেদের মেয়ে জোসনা, বিক্ষোভ, অন্তরে অন্তরে, কন্যাদান, চাওয়া থেকে পাওয়া, সুন্দর আলী জীবন সংসার, স্বপ্নের নায়ক এবং খাইরুন সুন্দরী।
আজ তার মৃত্যুবার্ষিকীতে ভক্ত, সহশিল্পী ও চলচ্চিত্রপ্রেমীরা শ্রদ্ধাভরে স্মরণ করছেন বাংলা চলচ্চিত্রের এই অনন্য কৌতুক অভিনেতাকে, যার অভিনয় এখনও দর্শকদের হাসায় এবং নস্টালজিয়ায় ভাসায়।