বিনোদন

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে দুই দিনে ৩ লাখ অনুসারী হারালেন অভিনেত্রী


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৪ এএম

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে দুই দিনে ৩ লাখ অনুসারী হারালেন অভিনেত্রী
ছবিঃ সংগৃহীত

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সামাজিক মাধ্যমে দেওয়া এক বিতর্কিত মন্তব্যের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ভারতের অভিনেত্রী, টিভি সঞ্চালক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার পার্লে মানি। বিতর্কের জেরে মাত্র দুই দিনের ব্যবধানে ইনস্টাগ্রামে তিন লাখের বেশি অনুসারী হারিয়েছেন তিনি।

শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ভারতের অভিনেত্রী ও উপস্থাপক পার্লে মানি। বিতর্কিত ওই পোস্ট প্রকাশের পর মাত্র দুই দিনের মধ্যে তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ২৭ লাখ থেকে কমে ২৪ লাখে নেমে এসেছে।

শুধু ইনস্টাগ্রামেই নয়, নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আরও কয়েকটি পোস্ট দেওয়ার পর ইউটিউব ও ফেসবুকেও তার অনুসারীর সংখ্যা কমতে শুরু করেছে। সমালোচনার মুখে তিনি ইনস্টাগ্রামে মন্তব্য করার সুবিধা বন্ধ করে দিলেও ক্ষুব্ধ ব্যবহারকারীরা তার অন্যান্য পোস্টে গিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন।

গত ২৪ জুলাই দেওয়া এক পোস্টে পার্লে মানি শিক্ষার্থীদের আন্দোলনকে ‘বেদনাদায়ক’ ও ‘হৃদয়বিদারক’ উল্লেখ করে সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানান। তিনি লেখেন, জীবন বিপন্ন মনে হলে আন্দোলন ছেড়ে বাড়ি ফিরে যাওয়াই উচিত এবং কোনো আন্দোলনের জন্য জীবন বিসর্জন দেওয়া উচিত নয়। একই সঙ্গে আন্দোলনের মূল লক্ষ্য যেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নেই সীমাবদ্ধ থাকে, সে আহ্বানও জানান তিনি।

তবে পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, ‘কমেন্ট সেকশন আমার বাকস্বাধীনতার প্রতিচ্ছবি’, কিন্তু একই সঙ্গে মন্তব্য করার সুবিধা বন্ধ করে দেন। এ বিষয়টি নিয়েই মূলত সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

সমালোচনার মধ্যে পার্লে মানি ইনস্টাগ্রাম স্টোরিতে আরেকটি পোস্ট দিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলেন। সেখানে তিনি এক ‘ব্যর্থ চলচ্চিত্র নির্মাতা’র সমালোচনা করেন, যা চলচ্চিত্র নির্মাতা সিবি মালয়িলকে উদ্দেশ্য করে লেখা বলে ধারণা করা হয়। একই পোস্টে তিনি শান্তি ও অহিংসার বার্তা সহ্য করতে না পারার অভিযোগও তোলেন এবং ভারতের জাতীয় পতাকার গেরুয়া রঙের প্রতি নিজের ভালো লাগার কথাও উল্লেখ করেন।

এর জবাবে সিবি মালয়িলের ছেলে জো মালয়িল সামাজিক মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানান। তিনি পার্লে মানির বক্তব্যের সমালোচনা করে তার বাবাকে ‘ব্যর্থ’ বলার প্রতিবাদ জানান এবং বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাওয়ার অভিযোগ তোলেন।

সামাজিক মাধ্যমে এ নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। একদিকে পার্লে মানির বক্তব্যের সমর্থন করলেও, অন্যদিকে বিপুলসংখ্যক ব্যবহারকারী তার মন্তব্যকে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি অসংবেদনশীল বলে আখ্যা দিয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস।