বিনোদন

‘ময়না ছলাৎ ছলাৎ’ খ্যাত লোকসংগীতশিল্পী স্বাগত দে আর নেই


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৬:৪৫ পিএম

‘ময়না ছলাৎ ছলাৎ’ খ্যাত লোকসংগীতশিল্পী স্বাগত দে আর নেই
ছবিঃ সংগৃহীত

বাংলা লোকসংগীতের জনপ্রিয় শিল্পী স্বাগত দে আর নেই।

সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে পশ্চিমবঙ্গসহ বাংলা সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (০৩ আগস্ট) হঠাৎ সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন স্বাগত দে। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

স্বাগত দে মূলত বাংলা লোকসংগীতকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ‘ময়না ছলাৎ ছলাৎ’, ‘সোনা বন্ধু রে’ সহ অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে তিনি শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। তার সুরেলা কণ্ঠ, প্রাণবন্ত পরিবেশনা এবং লোকসংগীতের প্রতি নিবেদিতপ্রাণ চর্চা তাকে আলাদা পরিচিতি এনে দেয়।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন সংগীত ও অভিনয় জগতের অনেকেই। জনপ্রিয় সংগীতশিল্পী জোজো লিখেছেন, “তারাদের দেশে ভালো থেকো স্বাগতদা। ওম শান্তি।” অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী স্মৃতিচারণ করে বলেন, “খবরটা শুনে ছোটবেলার অনেক স্মৃতি ফিরে এলো। বিশ্বাসই করতে পারছি না, স্বাগতদা আর নেই।”

লোকসংগীতশিল্পী দেব চৌধুরীও গভীর শোক প্রকাশ করে বলেন, “স্বাগত আমাদের সমসাময়িক ছিল। খবরটা মেনে নিতে পারছি না। বাংলা লোকগানের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি।”

স্বাগত দের মৃত্যুতে বাংলা লোকসংগীত অঙ্গন হারালো একজন গুণী শিল্পীকে, যার গান ভবিষ্যতেও শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকবে।