পরিবেশ-জলবায়ু

দেশের সব বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে, সতর্কতার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১২:১৯ পিএম

দেশের সব বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে, সতর্কতার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের
ছবি: সংগৃহীত

দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিন ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১১ মার্চ) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে অস্থির আবহাওয়া বিরাজ করতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এই দুটি আবহাওয়াগত অবস্থার কারণে দেশের বিভিন্ন স্থানে অস্থির আবহাওয়া ও ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় একই থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া শনিবার (১৪ মার্চ) থেকে রবিবার (১৫ মার্চ) পর্যন্ত সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে দেশের কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন না হলেও কিছু স্থানে সামান্য ওঠানামা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময় বিশেষ সতর্ক থাকার জন্য সবাইকে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।