স্বাস্থ্য

এক মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৮০ জনের মৃত্যু, রেকর্ড আক্রান্ত অক্টোবরেই


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৯:৪২ এএম

এক মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৮০ জনের মৃত্যু, রেকর্ড আক্রান্ত অক্টোবরেই
ছবি: সংগৃহীত

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। রাজধানীর পাশাপাশি গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে এডিস মশাবাহিত এই প্রাণঘাতী রোগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপের অভাব ও কার্যকর প্রতিরোধ ব্যবস্থা না থাকায় প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ দিন দিন বেড়েই চলেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। শুধু অক্টোবরেই ৮০ জনের মৃত্যু এবং ২২ হাজার ৫২০ জন আক্রান্ত হয়েছেন। মাসভিত্তিক পরিসংখ্যানে এটি চলতি বছরের সবচেয়ে ভয়াবহ মাস।

চলতি বছরের আগের নয় মাসের পরিসংখ্যান বলছে—

জানুয়ারি: মৃত্যু ১০ জন, আক্রান্ত ১,১৬১ জন

ফেব্রুয়ারি: মৃত্যু ৩ জন, আক্রান্ত ৩৭৪ জন

মার্চ: মৃত্যু ০, আক্রান্ত ৩৩৬ জন

এপ্রিল: মৃত্যু ৭ জন, আক্রান্ত ৭০১ জন

মে: মৃত্যু ৩ জন, আক্রান্ত ১,৭৭৩ জন

জুন: মৃত্যু ১৯ জন, আক্রান্ত ৫,৯৫১ জন

জুলাই: মৃত্যু ৪১ জন, আক্রান্ত ১০,৬৮৪ জন

আগস্ট: মৃত্যু ৩৯ জন, আক্রান্ত ১০,৪৯৬ জন

সেপ্টেম্বর: মৃত্যু ৭৬ জন, আক্রান্ত ১৫,৮৬৬ জন

সব মিলিয়ে ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৮৬২ জন, তাদের মধ্যে ৬৬ হাজার ৮০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ২৭৮ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। অধ্যাপক ডা. আতিকুর রহমান বলেন, “ডেঙ্গু এখন মৌসুমি নয়-এটি সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে আক্রান্তের হার বেড়ে যায়। প্রতিরোধে শুধু ওষুধ স্প্রে নয়, প্রতিটি ঘরে-ঘরে সচেতনতা বাড়াতে হবে।”

এদিকে কীটতত্ত্ববিদ ডা. মনজুর চৌধুরী বলেন, “মশা নিয়ন্ত্রণে কেবল জেল-জরিমানা বা প্রচারণা যথেষ্ট নয়। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে পরিকল্পিত ব্যবস্থা নিতে হবে।”

প্রসঙ্গত, ২০২৩ সালে দেশের ইতিহাসে সর্বাধিক ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটে। সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হয়েছিলেন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল-যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বিশেষজ্ঞদের মতে, এ বছরও যদি কার্যকর প্রতিরোধ ব্যবস্থা না নেওয়া হয়, তবে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।