স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৫


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৫
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১৫ জন ডেঙ্গুরোগী। এই ৩ জন নিয়ে এই পর্যন্ত ৩৭০ জনের মৃত্যু হয়েছে আর আক্রান্তের সংখ্যা এবছর দাঁড়িয়েছে ৯২ হাজার ২১৭ জন।

বুধবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২২৯ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এর বাইরে ঢাকা বিভাগে ১২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, বরিশাল বিভাগে ৭৭ জন, খুলনা বিভাগে ৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৪ জন, রাজশাহী বিভাগে ২২ জন ও সিলেট বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৭৬ জনের মৃত্যু হয়েছিল সেপ্টেম্বর মাসে। তবে অক্টোবর মাসে এ সংখ্যা ছাড়িয়ে ৮০ জন হয়েছে। আর নভেম্বরে সেই সংখ্যা ছাড়িয়ে এ পর্যন্ত মারা গেছেন ৯২ জন।

এছাড়া, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, জুলাই মাসে ৪১ জন, অগাস্ট মাসে ৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।

এ বছর সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল সবচেয়ে বেশি, ১৫ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে অক্টোবরের হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২২৫২০ জন রোগী, যা সেপ্টেম্বর মাসকে ছাড়িয়ে যায়। আর নভেম্বরে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ২২ হাজার ৩৫৫ জন রোগী।

এছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ।

স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।