স্বাস্থ্য
হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহে একদিনে ২১ শিশু হাসপাতালে ভর্তি
ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে গত একদিনে ২১টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। ভর্তি শিশুদের মধ্যে বেশিরভাগই ছোট বয়সের।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মোট ১৪৩টি শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৫ শিশুর মৃত্যু ঘটেছে, ৬৪ জন বর্তমানে চিকিৎসাধীন এবং বাকি শিশুরা হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানিয়েছেন, আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য ৮ তলায় ৬৪ শয্যার আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম শিশুদের সেবা দিচ্ছে।
জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফয়সল আহমেদ বলেন, আক্রান্ত শিশুর ৮০ শতাংশের বয়স ৯ মাসের নিচে। তাদের হামের টিকা নেওয়ার সুযোগ হয়নি। বাকি ২০ শতাংশের মধ্যে ১০ শতাংশ এক ডোজ এবং ১০ শতাংশ দুই ডোজ টিকা পেয়েছে।
তিনি আরও জানান, টিকার সংকট এবং গত বছরের স্বাস্থ্য কর্মীদের কর্মবিরতি-সহ নানা কারণে অনেক শিশু টিকা থেকে বঞ্চিত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগ সব ধরনের প্রস্তুতি নিয়েছে।