স্বাস্থ্য
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজারের বেশি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন।
রোববার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত এক দিনে হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৬৪৫টি শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩টি শিশু। সব মিলিয়ে এ সময়ে হামের সংক্রমণ ও উপসর্গে মোট ৭৩৮টি শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৬টি শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা ৯২৫। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭৮টি শিশু, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০৪টি শিশু।
এছাড়া, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৬৩২ জন। মোট ভর্তি রোগীর সংখ্যা ৮৮ হাজার ৮৪৪, যার মধ্যে ইতোমধ্যে ৮৫ হাজার ১২২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।