স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৯


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:১৫ পিএম

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৯
ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৬৯ শিশু।

রোববার (১২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও এক শিশু।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৪ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৪ শিশু। সব মিলিয়ে হাম ও উপসর্গে মোট ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯০ শিশু। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে আরও ৮৭৯ জন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৯ শিশু এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৮৪৩ জন।

গত ১৫ মার্চ থেকে ১২ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪৮০ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১৩ হাজার ৫০০ জন। এ সময়ে মোট ৯৪ হাজার ৩৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৯০ হাজার ৬০৫ জন বাড়ি ফিরেছে।

বর্তমান পরিস্থিতিতে শিশুদের সুরক্ষায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।