সারাবিশ্ব
মৌরিতানিয়ার ২১০ হজযাত্রী নিয়ে বিমান বিধ্বস্তের খবর গুজব, নিশ্চিত করলো এয়ারলাইন্স
মৌরিতানিয়া থেকে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবগামী ২১০ জন যাত্রীবাহী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হওয়ার যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছে মৌরিতানিয়ান এয়ারলাইন্স।
মঙ্গলবার (২৭ মে) হঠাৎ সামাজিক মাধ্যমে বিমান বিধ্বস্তের খবর ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করে। কয়েকটি অনির্ভরযোগ্য সূত্র দাবি করে, বিমানটি রহস্যজনকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পরে লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হয়।
তবে এসব খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছে মৌরিতানিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তারা এক বিবৃতিতে জানিয়েছে, “আল্লাহর রহমতে আমাদের সব হজযাত্রী সৌদি আরবে নিরাপদে পৌঁছেছেন। কোনো ফ্লাইটেই কোনো ধরনের দুর্ঘটনার খবর নেই।”
সংস্থাটি আরও জানিয়েছে, হজ মৌসুম উপলক্ষে পরিচালিত নির্ধারিত কোনো ফ্লাইটে কোনো ত্রুটি বা বিপদের ঘটনা ঘটেনি। এ ধরনের গুজব উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেছে তারা।
গুজবের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানায় এবং নিশ্চিত না হয়ে কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানায়। তারা বলেছে, “ভুয়া খবর ছড়ানো একটি গুরুতর অপরাধ এবং আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
এদিকে, মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম MASDR News-সহ একাধিক আন্তর্জাতিক সূত্র থেকেও নিশ্চিত করা হয়েছে যে, বিমান বিধ্বস্তের কোনো সত্যতা নেই। লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হওয়ার বলে দাবি করা ভিডিওটিও ভুয়া ও পুরোনো ভিডিও ব্যবহার করে তৈরি করা।
ভিডিওতে বিমানের ভেতর আতঙ্কিত যাত্রীদের চিৎকার ও “আল্লাহু আকবার” ধ্বনি শোনা গেলেও, যাচাই করে দেখা গেছে সেটি ভিন্ন সময়ের একটি ভিডিও যা এ ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়।
এ ঘটনায় ভুয়া সংবাদ ছড়িয়ে হজযাত্রীদের পরিবার ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়ানোয় নিন্দা জানিয়েছেন অনেকেই। মৌরিতানিয়ান সরকার এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষ সবাইকে সতর্ক ও সংযত থাকতে এবং শুধু বিশ্বস্ত সূত্রের তথ্য অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।