সারাবিশ্ব
কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ১১
কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে ১১ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। সোমবার (৮ জুলাই) গণতন্ত্রপন্থি ‘সাবা সাবা’ আন্দোলনের ৩৫তম বার্ষিকীতে দেশটির রাজধানী নাইরোবিসহ বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হলে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।
কেনিয়ার পুলিশ জানায়, বিক্ষোভ দমনে নেওয়া কঠোর অবস্থানের অংশ হিসেবে অন্তত ৫২ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। গণতন্ত্রপন্থী এই বিক্ষোভটি প্রতিবছর ৭ জুলাই পালিত হয়, যা মূলত ১৯৯০ সালে তৎকালীন স্বৈরশাসক প্রেসিডেন্ট ড্যানিয়েল মোইয়ের শাসনের বিরুদ্ধে আন্দোলনের স্মরণে অনুষ্ঠিত হয়। ‘সাবা সাবা’ (সোয়াহিলি ভাষায় ‘সাত-সাত’) দিবসে মানুষজন প্রতিবছর রাস্তায় নেমে আসেন।
তবে এ বছরের বিক্ষোভ ছিল আরও বিস্তৃত ও আগ্রাসী। এটি মূলত বর্তমান প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবিতে রূপ নেয়। আন্দোলনকারীদের অভিযোগ—রাষ্ট্রে দিন দিন বাড়ছে অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি, পুলিশি নিপীড়ন এবং সরকারের সমালোচকদের নিখোঁজ হওয়ার ঘটনা।
কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এক্স (সাবেক টুইটার) এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, “জনগণের জানমাল রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভে অনুপ্রবেশকারীদের কঠোরভাবে দমন করা হবে।”
এদিকে, কেনিয়া জাতীয় মানবাধিকার কমিশনের তথ্য অনুযায়ী, এর আগের মাসেও অনুরূপ বিক্ষোভে ১৯ জনের প্রাণহানি ঘটে। সব মিলিয়ে জনমনে ক্ষোভ আরও ঘনীভূত হয়েছে, বিশেষ করে তরুণ সমাজের মধ্যে।
বিশ্লেষকদের মতে, সাবা সাবা আন্দোলনের ধারাবাহিকতায় এবারকার সরকারবিরোধী বিক্ষোভ শুধু একটি ঐতিহাসিক দিবস পালন নয়, বরং এটি ক্রমাগত ক্ষোভ ও হতাশার বিস্ফোরণ—যা রাজনৈতিক পরিবর্তনের ডাক হয়ে দাঁড়িয়েছে কেনিয়ার রাজনীতিতে।