সারাবিশ্ব

এবার ৯৮ বাংলাদেশিকে ‘নো টু ল্যান্ড’ নোটিশ মালেয়শিয়ার


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৯:২২ এএম

এবার ৯৮ বাংলাদেশিকে ‘নো টু ল্যান্ড’ নোটিশ মালেয়শিয়ার
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (KLIA) প্রবেশের অনুমতি পাননি ৯৮ জন বাংলাদেশি। শুক্রবার (১৫ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা বারনামা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKES) বৃহস্পতিবার রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বিমানবন্দরের টার্মিনাল-১ এ বিশেষ অভিযান চালায়। এ সময় মোট ১৮১ জন যাত্রীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৮ বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের জন্য প্রয়োজনীয় নথি উপস্থাপন করতে ব্যর্থ হন। পরে তাদের ‘নট টু ল্যান্ড (NTL) নোটিশ’ দেওয়া হয়।

সংস্থার এক বিবৃতিতে বলা হয়, আটককৃতরা ঢাকা থেকে কুয়ালালামপুরে এসেছিলেন। ধারণা করা হচ্ছে, দিনের বেলা কঠোর তল্লাশি এড়াতে তারা ভোরে আসার চেষ্টা করেছিলেন।

অভিযোগ অনুযায়ী, অনেকের ভুয়া হোটেল বুকিং ছিল, কারও রিটার্ন টিকিট ছিল না, আবার অনেকে পর্যাপ্ত অর্থের প্রমাণ দিতে পারেননি। সংস্থাটি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, পর্যটন ভিসায় আসলেও তাদের আসল উদ্দেশ্য ছিল মালয়েশিয়ায় অবৈধভাবে থেকে কাজ করা।

একেপিএস জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে, যাতে ভিসার অপব্যবহার করে কেউ মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে।