সারাবিশ্ব
আমাদের আন্দোলন ছিনতাই হয়ে গেছে: নেপাল জেন-জি প্রজন্ম
দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে শুরু হওয়া শান্তিপূর্ণ আন্দোলনে এখন ভয়াবহ অস্থিরতার মুখোমুখি নেপাল। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পুলিশ গুলি চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, আর বিক্ষোভ অগ্নিসংযোগ ও সহিংসতায় রূপ নেয়।
এ অবস্থায় তীব্র চাপের মুখে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পরে পদত্যাগ করেন প্রেসিডেন্টও। তবুও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি, সেনাবাহিনীকে টহলে নামানো হয়েছে রাজধানীসহ বিভিন্ন এলাকায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আন্দোলনের মূল নেতৃত্বে থাকা জেন-জি প্রজন্ম সহিংসতা থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। তাদের দাবি, আন্দোলন ‘সুবিধাবাদী ও অনুপ্রবেশকারী গোষ্ঠী ছিনতাই করেছে’। শান্তিপূর্ণ প্রতিবাদকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। দু’দিনের সংঘাতে ২০ জনের বেশি নিহত হওয়ায় দেশজুড়ে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জেন-জি প্রজন্মের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল জবাবদিহিতা, স্বচ্ছতা এবং দুর্নীতির অবসান। আমরা অহিংস আন্দোলন করেছি, এখনও শান্তিপূর্ণ নাগরিক সম্পৃক্ততার নীতিতে অবিচল আছি।” তারা জানায়, আন্দোলনের সময় নাগরিকদের সুরক্ষা ও সরকারি সম্পত্তি রক্ষায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে অনেকে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে, বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে নতুন কোনো বিক্ষোভের পরিকল্পনা নেই। প্রয়োজনে সেনা ও পুলিশকে কারফিউ বাস্তবায়নের আহ্বানও জানানো হয়।
নেপালের সেনাবাহিনী অভিযোগ করেছে, বিভিন্ন ব্যক্তি ও নৈরাজ্যবাদী গোষ্ঠী আন্দোলনে অনুপ্রবেশ করেছে এবং সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করছে। এতে আন্দোলনের মূল লক্ষ্য বিকৃত হয়ে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে সেনারা।