সারাবিশ্ব
হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯
হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের একটি বহুতল আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২৭৯ জন বাসিন্দা।
বুধবার গভীর রাতে আগুন লাগার পর থেকে দীর্ঘ সময় ধরে দমকলকর্মীরা নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলেও আগুনের তীব্রতা কমানো সম্ভব হয়নি ১৫ ঘণ্টারও বেশি সময়।
হংকং কর্তৃপক্ষ জানায়, নিহত ৪৪ জনের মধ্যে ৪০ জন ঘটনাস্থলেই মারা যান এবং আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আহত অবস্থায় উদ্ধার হওয়া ৪৫ জনের অবস্থা আশঙ্কাজনক, যাদের অনেকেই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ ও দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই একটি কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে যুক্ত—যাদের মধ্যে দুজন পরিচালক এবং অন্যজন কোম্পানির পরামর্শক। পুলিশের দাবি, ভবনটিতে আগুন লাগার পর তা ‘অস্বাভাবিক দ্রুততায়’ ছড়িয়ে পড়ে। ভবনের বিভিন্ন অংশে পলিস্টাইরিনসহ দাহ্য নির্মাণসামগ্রী পাওয়া গেছে, যা আগুনের বিস্তারে বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি নিরাপত্তার জন্য ব্যবহৃত জাল, ক্যানভাস ও প্লাস্টিকের কভারগুলো প্রয়োজনীয় সেফটি স্ট্যান্ডার্ড পূরণ করেনি।
বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ডেরেক আর্মস্ট্রং চ্যান জানান, রাতের অন্ধকার ও ধোঁয়া উদ্ধার কার্যক্রমকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। দমকলকর্মীরা আটটি ভবনবিশিষ্ট কমপ্লেক্সের মধ্যে এখনো দুটি ভবনে প্রবেশ করতে পারছেন না। ভবনগুলোতে মোট ২ হাজার অ্যাপার্টমেন্ট রয়েছে, যার মধ্যে বসবাস করেন ৪ হাজার ৬০০-এর বেশি মানুষ। তবে ঠিক কতজন ভবনের ভেতরে আটকা পড়েছেন, তা এখনও নিশ্চিত নয়।
দমকল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্যও রয়েছেন, যারা অন্যান্যদের উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ ও দায় নির্ধারণে তদন্ত চলছে।
সূত্র: বিবিসি, সিএনএন