সারাবিশ্ব
রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত অন্তত ৩১ জন
মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে সামরিক জান্তার বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় ত্রাণকর্মীরা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
জানা গেছে, দেশজুড়ে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনরুদ্ধারে সামরিক জান্তা সম্প্রতি তীব্র অভিযান শুরু করেছে। তারই অংশ হিসেবে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত রাখাইনের ম্রাউক-ইউ জেনারেল হাসপাতালে বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়।
ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মী ওয়াই হুন অং এ হামলাকে “ভয়াবহ” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছি। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।” আহত হয়েছেন অন্তত ৬৮ জন। রাতের অন্ধকারে হাসপাতালের বাইরে সাদা কাপড়ে মোড়ানো মৃতদেহ সারিবদ্ধভাবে পড়ে থাকতে দেখা যায় বলে জানান তিনি।
ঘটনা সম্পর্কে জান্তার মুখপাত্রের মন্তব্য পাওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানায় এএফপি।
রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা বর্তমানে জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)-এর নিয়ন্ত্রণে। সামরিক অভ্যুত্থানের বহু আগেই গোষ্ঠীটি কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। বুধবার রাতে আরাকান আর্মির স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানায়, রাত ৯টার দিকে সংঘটিত এই বিমান হামলায় হাসপাতালের ভেতরে ভর্তি থাকা ১০ জন রোগী ঘটনাস্থলেই মারা যান।
সূত্র: এএফপি